দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের নিরাপদ পরিবহন নিশ্চিত করতে হাউজবোট পরিচালনায় বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় অতিবৃষ্টির কারণে সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার হাওরাঞ্চল ও নদীপথে নৌ-যান চলাচলে ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে পর্যটকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার সকল হাউজবোট মালিক, চালক ও সংশ্লিষ্টদের ৭টি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য বলা হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
প্রতিকূল আবহাওয়া, ভারি বৃষ্টিপাত, দমকা হাওয়া বা নদীতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকলে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে যাত্রা করা যাবে না।
প্রতিটি হাউজবোটে ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অন্যান্য জরুরি নিরাপত্তা সরঞ্জাম রাখতে হবে।
অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।
আবহাওয়ার পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে হবে।
যাত্রার আগে পর্যটকদের নিরাপত্তা নির্দেশনা ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অবহিত করতে হবে।
জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
পরিস্থিতির অবনতি ঘটলে বা স্থানীয় প্রশাসনের নির্দেশে হাউজবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে পর্যটক ও নৌযানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব নির্দেশনা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও নির্দেশনা দেওয়া হবে।
/অ